অন্য প্রাণীদেরও কী ঈর্ষা আছে?


 অনেকেই পোষা প্রাণীর মধ্যে ঈর্ষার আবির্ভাব দেখতে পান। হয়তো বাড়িতে জন্মেছে পরিবারের নতুন সদস্য, আর এতেই অস্বাভাবিক আচরণ শুরু করেছে পোষা বিড়ালটি। তাহলে কি, মানুষের মতো প্রাণীজগতের অন্য সদস্যদের মধ্যেও ঈর্ষা অনুভূতি কাজ করে? 


প্রাণীদের মনোজগৎ সম্পর্কে জানা সহজ কাজ না। বিজ্ঞানীরা প্রাণীদের মনোজগৎ নিয়ে গবেষণা করে চলেছেন দীর্ঘ সময় ধরে।

এবারে তারা জানাচ্ছেন, ঈর্ষা একটি আদিম অনুভূতি। আর তা মানুষের পাশাপাশি অন্য প্রাণীরাও (বিশেষ করে কুকুর ও প্রাইমেট) ঈর্ষা অনুভব করে।

সবার আগে জানা প্রয়োজন ঈর্ষা নামক অনুভূতিটার বৈশিষ্ট্য ও বিশেষত্ব সম্পর্কে। অনেকেই ঈর্ষাকে ‘হিংসা’র সঙ্গে গুলিয়ে ফেলে। আসলে ঈর্ষা ও হিংসা খুবই আলাদা দু’টি অনুভূতি।  

‘হিংসা’র সঙ্গে মূলত দু’টি পক্ষ জড়িত। একপক্ষের সাফল্য বা সম্পদের প্রতি হিংসা জন্মাতে পারে অপরপক্ষের। তবে ‘ঈর্ষা’র ক্ষেত্রে অবশ্যই তৃতীয়পক্ষের প্রভাব থাকতে হবে। এই তৃতীয়পক্ষের আগমন প্রথম দুই পক্ষের সম্পর্কের বিঘ্ন ঘটায়।